গোবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জিএসটিইউ) ভিত্তিক শিক্ষার্থীদের সৃজনশীল প্ল্যাটফর্ম জিএসটিইউ রেডিওর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জামিউল আহমেদ শুভ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মুবতাসিম ফুয়াদ ও মোছাঃ লুনা পারভিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইশা আক্তার নিশিলা ও সুমাইয়া জান্নাত, সাংগঠনিক সম্পাদক দেব বাড়ৈ ও মোঃ সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক পূর্ণিমা সরকার এবং পাবলিক রিলেশন সেক্রেটারি সিদরাতুল মুনতাহা সুমাইয়া।
নবগঠিত কমিটি প্রসঙ্গে সভাপতি নাহিদা ইসলাম নদী বলেন, “একটি প্রতিষ্ঠান তখনই সমৃদ্ধ হয়, যখন সেখানে মেধা, সৃজনশীলতা, নেতৃত্ব এবং অবদানের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হয়। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা একটি দক্ষ, দায়িত্বশীল এবং স্বচ্ছ কার্যনির্বাহী কমিটি গঠন করেছি।” তিনি আরও জানান, এই কমিটি শুধু পুরস্কার প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং জিএসটিইউ রেডিওর উৎকর্ষ, অনুপ্রেরণা ও ইতিবাচক সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।
অন্যদিকে সাধারণ সম্পাদক জামিউল আহমেদ শুভ বলেন, “জিএসটিইউ রেডিও শুধু কণ্ঠ প্রকাশের একটি প্ল্যাটফর্ম নয়, এটি চিন্তা, মানবিকতা, সংস্কৃতি ও সত্যের এক সেতুবন্ধন। যোগাযোগ কেবল তথ্য পৌঁছে দেওয়ার জন্য নয়; এটি তরুণদের মধ্যে দায়িত্ববোধ, সৃজনশীলতা ও ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা তৈরির একটি শক্তিশালী মাধ্যম।”
তিনি জিএসটিইউ রেডিওকে এমন একটি কণ্ঠে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন, যা প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি গল্প এবং প্রতিটি স্বপ্নকে সততা ও সাহসের সঙ্গে প্রতিনিধিত্ব করবে।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক







