টেক্সটাইল ও তৈরি পোশাক (আরএমজি) খাতে ইউনিফর্ম সার্ভিস রুলস প্রণয়ন ও বাস্তবায়নকে কেন্দ্র করে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেল ৫টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিকেল ৫টা ২০ মিনিটে অতিথিরা আসন গ্রহণ করেন এবং পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবির সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. সাব্বির মোস্তফা খান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সভাপতি ও রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল ইসলাম (রেজু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও ইন্টারন্যাশনাল) ইঞ্জিনিয়ার খান মঞ্জুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কাইসার, ওয়ান কম্পোজিটের পরিচালক ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন মিয়া এবং আইটিইটি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি-এর উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খান। তিনি তার প্রবন্ধে টেক্সটাইল ও আরএমজি খাতে কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমনীতি সমন্বয় এবং একটি সমন্বিত ইউনিফর্ম সার্ভিস রুলস প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম)। সমাপনী বক্তব্যে তিনি বলেন, শিল্পখাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।
সেমিনারের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সায়েদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান।
সেমিনারে টেক্সটাইল ও আরএমজি খাত সংশ্লিষ্ট প্রকৌশলী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক







