ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা–কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন।
রোববার দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র গরমে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাস সংলগ্ন মহাসড়কে একটি তেলবাহী গাড়ির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী তামিম হোসেন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস পেলেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা অবরোধে নামেন।
শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—১.দুর্ঘটনায় জড়িত চালককে দ্রুত গ্রেপ্তার এবং তার লাইসেন্স বাতিল, ২.সংশ্লিষ্ট গাড়ির লাইসেন্স ও ফিটনেস যাচাই, ৩. আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং ৪.বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি চালু ও মহাসড়কে ট্রাফিক পুলিশ মোতায়ন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভিপি তৌসিফ আলম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।”
একই বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিয়া বলেন, “আমরা দ্রুত সমাধান চাই। নিরাপদ সড়ক নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে।”
অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বরগুনা থেকে ঢাকাগামী একটি বাসের যাত্রী আব্দুল কালাম বলেন, “ঘটনা সম্পর্কে কিছু জানি না। হঠাৎ যানজটে আটকে পড়েছি। তীব্র গরমে খুব কষ্ট হচ্ছে।”
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক







