পবিত্র ওমরাহ পালনে নিয়োজিত প্রায় ১ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব। কার্যক্রম পরিচালনা ও হজযাত্রীদের সেবা প্রদানে ঘাটতি থাকায় এই কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
গতকাল রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে মোট ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সি ওমরাহ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে নিয়মিত মূল্যায়নে ১ হাজার ৮০০টি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান উন্নত করতে পারলে পুনরায় চুক্তি কার্যকর করা হবে।
তবে এই সিদ্ধান্তের ফলে সাধারণ ওমরাহ যাত্রীদের দুশ্চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করেছে মন্ত্রণালয়। মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি জানান, যেসব হজযাত্রীর কাছে ইতোমধ্যে বৈধ ভিসা রয়েছে এবং যাদের বুকিং সম্পন্ন হয়েছে, তাদের ওপর এই স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না। তাদের সেবা কার্যক্রম আগের নিয়মেই চলবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা বাড়ানো এবং হজযাত্রীদের অধিকার রক্ষায় নিয়মিত এই নজরদারি ও মূল্যায়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে। অনুমোদিত মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হলে যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।






