চলমান বিক্ষোভ ও রাজধানীর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৯ মিনিটে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারা জানায়, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য প্রথম জাতীয় বিতর্ক উৎসব
ইনকিলাব মঞ্চের ওই পোস্টে বলা হয়, ‘নির্বাচন ১২ তারিখেই (১২ ফেব্রুয়ারি) হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।’ একই সঙ্গে সংশ্লিষ্টদের বরাতে পোস্টে উল্লেখ করা হয়, তারা কেবল হাদি হত্যার বিচার চান এবং এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন ভন্ডুলের অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করা হয়।

এর আগে রাত ৯টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘শত সমস্যা থাকলেও নির্বাচন হতে হবে। আমরা এক ভাইকে হারিয়েছি, আর কোনো ভাইকে হারাতে চাই না। ১২ তারিখে নির্বাচন হতেই হবে। নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক, তারা যদি এই বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ না নেয়, তবে এর পরিণতি ভালো হবে না।’
এদিকে জুলাইযোদ্ধা ও তরুণ রাজনীতিবিদ শহিদ ওসমান হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীদের একটি বড় অংশ কাটাবন মোড়ের দিকে অবস্থান নেয়। অপর দুটি অংশ অবস্থান নেয় মৎস্যভবন–ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকা এবং পুলিশ টেনিস ফেডারেশনের সামনে।
ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিকে পুলিশের বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ মোড়ে অবস্থানের একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ মুহূর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়।
এর আগে বিকেল থেকেই বিভিন্ন সামাজিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সরকারপ্রধানের বাসভবন যমুনা এলাকায় জড়ো হয়ে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পাবলিকিয়ান টুডে/এফএ সূত্র: ইনকিলাব মঞ্চের ফেইসবুক পোস্ট ও দ্য ডেইলি ক্যাম্পাস







