শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারেন। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে আসলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট দুজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে বলেও তিনি জানান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলার ইউএনও মাহবুবা হক বলেন, সিল মারা ব্যালটগুলো বাক্সে ফেলার আগেই বিষয়টি শনাক্ত করা হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় ভোটগ্রহণে বড় ধরনের বিঘ্ন ঘটেনি। বর্তমানে কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।
ঘটনার পর কেন্দ্র এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: প্রথম আলো







