সরকার ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত একটি ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, এছাড়া এতে ১৪ জন সদস্য রয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘সচিব’ বলতে সিনিয়র সচিবরাও অন্তর্ভুক্ত হবেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, কমিটি আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দেবে, যাতে আসন্ন ঈদুল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়া শুরু করা যায়।
কমিটির কার্যপরিধিতে রয়েছে—ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য একটি কার্যকর ডিজাইন প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া তৈরি; দেশের ৮টি বিভাগের প্রতিটিতে প্রাথমিকভাবে একটি করে উপজেলায় কার্ড প্রবর্তনের ব্যবস্থা করা; নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচি ব্যবহারযোগ্য কিনা তা যাচাই করা; এবং সুবিধাভোগীদের তথ্যসম্ভার তৈরি করতে জাতীয় পরিচয়পত্র ও National Household Database-এর মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে ডিজিটাল MIS প্রণয়নের সুপারিশ।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: যুগান্তর







