ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতের কলকাতায় গ্রেফতার হওয়া দুই বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের কাছে কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (নয় মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হাদি হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে কলকাতা পুলিশ দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে বলে বাংলাদেশ গতকাল জানতে পেরেছে। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে চৌদ্দ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কলকাতার উপকমিশনারের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ করেছে। ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য ভারতের কাছে কনস্যুলার প্রবেশাধিকার চাওয়া হয়েছে। এ প্রবেশাধিকার পাওয়া গেলে বাংলাদেশের কর্মকর্তারা গ্রেফতারকৃতদের পরিচয় যাচাই করার পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত একটি চুক্তি রয়েছে। যদি তদন্তে নিশ্চিত হওয়া যায় যে গ্রেফতারকৃতরা এ মামলার আসামি, তবে সেই চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের বারো ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট সড়ক দিয়ে রিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে আঠারো ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গত শনিবার দিবাগত রাতে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় পুলিশ।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: যুগান্তর







