মো: আয়নুল ইসলামঃ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ মোকাবিলায় সরকার গ্রহন করেছে একটি নিয়মিত ও ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি।
আগামী শনিবার (১৪ মার্চ) থেকে সারাদেশে প্রতি সপ্তাহে এই অভিযান চালানো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১১ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি লিখিত বার্তা এবং পরে একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ এরই মধ্যে মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এ ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন যে সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল দর্শন হলো ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’ অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।
স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হবে বলে জানা গেছে। প্রতি শনিবার দেশের প্রতিটি এলাকায় জাতীয় সংসদ সদস্য (এমপি), স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সরাসরি এমপি ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যাঁর যাঁর এলাকার নিজ নিজ বসতবাড়ি এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন।”
এই কর্মসূচি শুধু সরকারি উদ্যোগ নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দেশবাসীকে সচেতন হওয়ার এবং নিজ নিজ এলাকায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে এবং এলাকাভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহন করেছে।
এই অভিযান সফল হলে ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।







