রমজানের শেষ প্রান্তে এসে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘিরে যেমন অপেক্ষা, তেমনি আবহাওয়ার পূর্বাভাসেও এসেছে কিছু পরিবর্তনের ইঙ্গিত। ঈদে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) দেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।। তবে এ সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস বিশ্লেষণে দেখা যায়, ঈদে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে।পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচদিনে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (১৮ মার্চ) প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ (শুক্রবার) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশালের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
অন্যদিকে, ২১ মার্চ (শনিবার) দেশের প্রায় সব বিভাগেই—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এসময় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: স্টার নিউজ







