গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে অবস্থিত রেসিডেন্সিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২১ এপ্রিল) ক্যাম্পটির উদ্বোধন করা হয়।

৪ দিনব্যাপী এই ক্যাম্পে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৬টি রেজিমেন্টে বিভক্ত করা হয়। রেজিমেন্টগুলোর নামকরণ করা হয় জুলাই অভ্যুত্থানের শহীদদের নামে—শহীদ জাবির ইব্রাহিম, শহীদ দার্হান ফায়াজ, শহীদ তাহমিদ ফুয়াদ, শহীদ আব্দুল আহাদ, শহীদ শাহরিয়ার খান আনাস এবং শহীদ গোলাম নাফিজ।

ক্যাম্পের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত সভাপতি ড. আলী আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসরের ভারপ্রাপ্ত সভাপতি জয়নুল আবেদীন আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন প্রধান পরিচালক ও উপদেষ্টা সদস্য হাসান মুর্তজা, প্রাক্তন প্রধান পরিচালক সাইফুল ইসলাম এবং ৩০তম ন্যাশনাল ক্যাম্পের ক্যাম্প চিফ মুফিদুল ইসলাম।
ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী নানা কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল নিজেকে গড়া বিষয়ক সেশন, বিষয়ভিত্তিক আলোচনা, শিশু পার্লামেন্ট, মেধা যাচাই ও মাঠের কাজসহ বিভিন্ন শারীরিক ও মানসিক দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি। ক্যাম্পটি পরিচালনায় দায়িত্ব পালন করেন সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, ফুলকুঁড়ি আসর ২৮ সেপ্টেম্বর ১৯৭৪ সাল থেকে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা—এই পাঁচটি আদর্শকে ধারণ করে শিশু-কিশোরদের শিক্ষা ও শারীরিক-মানসিক বিকাশে কাজ করে যাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. আব্দুল আলীম।







