ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্বে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংসদীয় দলের বৈঠকে তাকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করা হয়েছে।
একই বৈঠকে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলীয় উপনেতা করা হয়েছে। এছাড়া বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।দলীয় সূত্র জানিয়েছে, শিগগিরই ১১ দলীয় জোটের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ গ্রহণ করেন এনসিপির সংসদ সদস্যরা।
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি ১১ দলীয় ঐক্যের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন।
পাবলিকিয়ান টুডে / এন। সূত্র: আমার দেশ






